পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে বহনের সময় আনুমানিক ২০ কেজি হরিণের মাংসসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বহেরাতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোঃ মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে চাকরিরত বলে জানা গেছে। তবে তাঁর পদবি ও কর্মস্থলের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে বহেরাতলা এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে ওই দুজনকে আটক করে তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ থেকে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাংস জব্দ করে গ্রেফতার দুজনকে মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয়।
