যাচাই ছাড়া চালকের হাতে গাড়ি নয়, মালিকদের সতর্ক করলেন ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শুধু গাড়ি ভাড়া হলেই চালককে যেকোনো রুটে পাঠানো যাবে না। গাড়ির ফিটনেস, চালকের শারীরিক সক্ষমতা ও অভিজ্ঞতা নিশ্চিত করতে হবে। একটি গাড়ি থেকে ছয় মাস লাভ করার পর একটি দুর্ঘটনাতেই সেই লাভ শেষ হয়ে যেতে পারে। তাই যাচাই ছাড়া চালকের হাতে গাড়ি দেওয়া যাবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) নগরের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন তিনি। ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

এতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নান্দনিক চট্টগ্রাম মানে শুধু সুন্দর রাস্তাঘাট কিংবা আধুনিক বিপণিবিতান নির্মাণ নয়। এর অর্থ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে চলাচলের পরিবেশ তৈরি করা এবং নাগরিকদের মধ্যে আস্থা গড়ে তোলা। শুধু সরকারি সংস্থার উদ্যোগে একটি শহরকে নান্দনিক করা সম্ভব নয়। এ জন্য প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, লাইসেন্সবিহীন কাউকে গাড়ি চালাতে দেওয়া যাবে না। শারীরিক বা মানসিকভাবে অসুস্থ চালকের হাতেও গাড়ি তুলে দেওয়া যাবে না। চালক আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়েছেন কি না, তার কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না, সেসব বিষয় মালিকদের খেয়াল রাখতে হবে।

নতুন কোনো রুটে চালক পাঠানোর আগে সংশ্লিষ্ট সড়ক সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে কি না, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন জেলা প্রশাসক। কোন এলাকায় বাজার বসে, কোথায় পথচারীর চাপ বেশি কিংবা স্থানীয় যানবাহন কীভাবে চলাচল করে, এসব বিষয়ে ধারণা না থাকলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালানো যাবে না। গতি নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের পাশাপাশি অন্যের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। একই সঙ্গে যাত্রীদের অনুরোধে যত্রতত্র গাড়ি থামিয়ে ওঠানামা বন্ধ করতে হবে। নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা নিশ্চিত করা গেলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমবে।

সড়ক দুর্ঘটনার পর যানবাহনে অগ্নিসংযোগের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেক সময় দুর্ঘটনার জন্য চালক সরাসরি দায়ী না হলেও ক্ষুব্ধ মানুষ বাসে আগুন ধরিয়ে দেন। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দুর্ঘটনা প্রতিরোধে চালক, মালিক, যাত্রী ও পথচারী সব পক্ষের সচেতনতা প্রয়োজন।

পরিবহন শ্রমিকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা উল্লেখ করে জাহিদুল ইসলাম মিঞা বলেন, চালক ও তাদের সহকারীদের দক্ষ ও পেশাদার করে গড়ে তুলতে পারলে বিদেশের শ্রমবাজারেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এতে তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা আসবে।

চট্টগ্রামকে নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে গত জুলাই থেকে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। জেলা প্রশাসক বলেন, সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন সরকারি দপ্তর, সেগুলোর প্রাঙ্গণ ও ছাদ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।

এর ধারাবাহিকতায় জিয়া সিটি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত ও খেজুরতলীসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। হোটেল-রেস্তোরাঁয়ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। গত সপ্তাহে চট্টগ্রাম রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযানের পর এবার বহদ্দারহাট বাস টার্মিনালে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বহদ্দারহাট বাস টার্মিনালের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এখান থেকে প্রতিদিন ৯০০টির বেশি বাস দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এ টার্মিনাল ব্যবহার করেন। বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের এ স্থানে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, প্রায় ৩০ বছর আগে এ বাস টার্মিনালের যাত্রা শুরু হয়েছিল। এত বছরে পরিচ্ছন্নতার ক্ষেত্রে কতটুকু উন্নতি হয়েছে, তা ভাবতে হবে। শুধু জেলা প্রশাসন, সিটি করপোরেশন কিংবা সিডিএর দিকে তাকিয়ে থাকলে হবে না। পরিবহন মালিক, শ্রমিক, চালক, সহকারী ও যাত্রী সবাইকে দায়িত্ব নিতে হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে ডিসি বলেন, একদিন পরিষ্কার করে চলে গেলে হবে না। পরদিন আবার ময়লা জমলে তা পরিষ্কার করার দায়িত্ব সংশ্লিষ্টদেরই নিতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে মানুষের অভ্যাসেও পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় আশপাশের সড়ক উঁচু করায় বহদ্দারহাট বাস টার্মিনাল নিচু হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়। সেই পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

এ সমস্যা সমাধানে টার্মিনালের ভূমি আশপাশের সড়কের সমতলে উন্নীত করা, বিদ্যুৎ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে সিডিএর সঙ্গে সমন্বয়ের অনুরোধ জানান চট্টগ্রামের জেলা প্রশাসক। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের সড়কে যানজট নিরসনে দোহাজারী ও কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর বসা অবৈধ বাজার উচ্ছেদ এবং বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, দক্ষিণ ও উত্তর চট্টগ্রামমুখী প্রায় ২০ থেকে ২২টি রুটের যানবাহন এবং বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক এ টার্মিনাল ব্যবহার করেন। জলাবদ্ধতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাবে শ্রমিকদের পক্ষে এককভাবে টার্মিনালটি পরিচ্ছন্ন রাখা কঠিন। জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এ কার্যক্রম অব্যাহত রাখতে পরিবহন শ্রমিকেরা সর্বাত্মক সহযোগিতা করবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।

এ ছাড়া বিআরটিএর সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মুসলিম হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জাফর আহমদসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা ও সাধারণ শ্রমিকেরা কর্মসূচিতে অংশ নেন।

Share this news as a Photo Card