চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকায় একটি ভবনের ৪র্থ তলার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল ঢাকার মোহাম্মদ বাবুল ও মাহমুদা আক্তার দম্পতির কন্যা। তিনি তার মায়ের সাথে রশিদার পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জান্নাতুলের মায়ের বিবাহবিচ্ছেদের পর তার অন্য এক ব্যাক্তির সাথে বিয়ে হয়। জান্নাতুল মায়ের সাথেই থাকতেন। শনিবার রাতে জান্নাতুলের মা টেলিভিশন দেখছিলেন। প্রায় আধা ঘণ্টা পর মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজার ছোট ছিদ্র দিয়ে উঁকি দিয়ে মেয়েকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে উঠেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তবে নিহত কিশোরীর মায়ের দাবি, এক যুবকের সাথে তার মেয়ের কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। ঘটনার দিনও কিশোরী ওই যুবকের সাথে কথা বলতে শুনেছেন তিনি। ওই যুবকের উপর অভিমান করে তার মেয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করেন তিনি।
