শিক্ষার্থীদের ওপর হামলা কাণ্ডে ৩৭৫ আনসারকে কারাগারে পাঠানোর আদেশ

রাজধানীর সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও রাষ্ট্রীয় কাজে বাধার অভিযোগে দুই নারী সদস্যসহ গ্রেপ্তার ৩৭৫ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি কোর্ট এ আদেশ দেন।

রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় মামলায় তাদেরকে আটকে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। উভয়পক্ষের শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গতকাল রবিবার রাতে সচিবালয় এলাকায় ভাঙচুর ও সহিংসতার ঘটনায় রাজধানীর একাধিক থানায় মামলা হয়েছে। শাহবাগ থানায় ২০৮ এজহার নামীয়সহ অজ্ঞাত ২-৩ হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পল্টন থানায় ১১৪ জনের নাম উল্লেখ করে ৩-৪ হাজার জনের বিরুদ্ধে মামলা। এছাড়া, রমনা থানায় ৯৮ জনে নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এসব মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়।