ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে সপ্তাহ ব্যবধানে সব ধরনের ধানের দাম মণপ্রতি বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। মিল মালিকরা বলছেন, উচ্চমূল্যে ধান কিনে চাল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান-চালের বাজারে সরেজমিন দেখা যায়, নৌকা থেকে ধান মেপে বস্তায় ভরে বিক্রি হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা জানান, রোপা আমনের মৌসুম শেষ হওয়ায় বাজারে ধানের সরবরাহ তুলনামূলকভাবে অনেকটাই কম। ফলে বাজারদর অনেকটা ঊর্ধ্বমুখী।
এ বাজারে প্রতি মণ বিআর-২৯ ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৩০ টাকা, বিআর-৪৯ ১ হাজার ৩৩০ থেকে ১ হাজার ৩৪০ টাকা, বিআর-৩৯ ১ হাজার ৩২০ থেকে ১ হাজার ৩৩০ টাকা, বিআর-২২ ১ হাজার ১৮০ থেকে ১ হাজার ১৯০ টাকা ও মোটা ইরি ১ হাজার ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে ধান নিয়ে আসা ব্যাপারীরা জানান, হাওড়াঞ্চলের প্রান্তিক কৃষকদের কাছ থেকে প্রকারভেদে প্রতিমণ ধান তারা ১ হাজার ৩২০ থেকে ১ হাজার ৪৫০ টাকা দরে কিনছেন। কিন্তু বাজারে এসে কেনা দামেই বিক্রি করায় তাদের লাভ হচ্ছে না।
একজন ব্যাপারী বলেন, কৃষকরা ধান ছাড়ছেন না। যাদের কাছে ধান আছে তারা চড়া দামেই ধান বিক্রি করছেন। যদিও ধানের বাজার আগে থেকেই চড়া।
আরেক ব্যাপারী বলেন, ‘এখন তো মৌসুম প্রায় শেষ। আমার মনে হয় না বাজারে নতুন করে ধান ছাড়লেও দাম কমবে।’
অন্যদিকে চালকল মালিকরা জানান, সরবরাহ কমায় ধানের বাজার ঊর্ধ্বমুখী। এতে ধান থেকে চাল উৎপাদনে তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।
এক চালকল মালিক বলেন, ‘চড়া দামে ধান কিনে চাল বিক্রি করে আমাদের লাভ হচ্ছে না। মিল চালানোর যে খরচ, তা-ও উঠছে না।’
বিক্রয়মূল্যের তুলনায় উৎপাদন খরচ বেশি পড়ছে উল্লেখ করে আরেক চালকল মালিক বলেন, ‘ধান থেকে চাল করতে আমাদের প্রায় ৩ হাজার ১০০ টাকা খরচ হয়। কিন্তু আমরা বাজারে ২ হাজার ৫০০ টাকা মণ দরে ধান বিক্রি করছি। তা ছাড়া চাল আমদানি হওয়ায় মিলারদের অবস্থা বেশ খারাপ।’
তবে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ধানচাল বাজার কমিটির সভাপতি হাজি জহিরুল ইসলাম জারু বলেন, বাজারে সবাই প্রতিযোগিতামূলকভাবে ধান কেনার চেষ্টা করেন। এ কারণেই বাজারে ধানের দাম ঊর্ধ্বমুখী।
এদিকে বাজারে দাম বেশি থাকায় কৃষকের কাছ থেকে মাত্র এক মেট্রিক টন চাল কেনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. কাউছার সজিব।
তিনি বলেন, ‘লক্ষ্যমাত্রার প্রায় ৬৫ শতাংশ চাল সংগ্রহ করতে পেরেছি। আশা করছি, ৮০ থেকে ৯০ শতাংশ চাল সংগ্রহ করতে পারব।’
