সারি সারি গ্যাসের সিলিন্ডার একত্রিত করে বরিশালে চলছে কারখানায় পণ্য উৎপাদন। শুধু বরিশাল নয়, বিভাগের ভোলা ছাড়া ৫ জেলাতেই প্রাকৃতিক গ্যাসের সংযোগ না থাকায় বিদ্যুৎ কিংবা সিলিন্ডার গ্যাসের মাধ্যমে বছরের পর বছর শিল্পকারখানা চলছে। এভাবে পণ্য উৎপাদন খরচ বেশি হওয়ায় প্রতিযোগিতায় এগোতে পারছেন না শিল্পোদ্যোক্তারা।
জানা গেছে, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনলেও পাইপলাইনে গ্যাস সরবরাহ না থাকায় বরিশালে গড়ে উঠছে না কলকারখানা। পরিস্থিতি উত্তরণে ভোলার গ্যাস পাইপলাইনে সরবরাহের দাবি শিল্পোদ্যোক্তাদের।
চেম্বার অব কমার্সের পরিচালক এসএম জাকির হোসেন জানান, পদ্মা সেতু যোগাযোগে আমূল পরিবর্তন আনলেও প্রাকৃতিক গ্যাস না থাকায় এগোচ্ছে না শিল্পকারখানা। সিলিন্ডার গ্যাস আর বিদ্যুৎ দিয়ে পণ্য উৎপাদনে খরচ বেশি হওয়ায় প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে শিল্পোদ্যোক্তারা।
অমৃত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ভানু লার দে জানান, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বরিশালের স্থানীয় অর্থনীতি সেভাবে যাচ্ছে না। শিল্পকারখানা গড়ায় রয়েছে নানা প্রতিকূলতা। যেগুলোও আছে তা অন্য বিভাগের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে।
বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, বরিশাল বিভাগের ভোলায় আছে প্রাকৃতিক গ্যাস। বিভাগের অন্য জেলাগুলোতে পাইপলাইনের মাধ্যমে সেই গ্যাস সরবরাহের দাবি জানান তিনি।
কবে সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে জানান বিভাগের প্রশাসনিকপ্রধান মো. আমিন উল আহসান।
বরিশালে ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন ও এর বাইরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭ শতাধিক কারখানা রয়েছে। একদিকে পদ্মা সেতু অন্যদিকে পায়রা বন্দর, আছে তাপবিদ্যুৎ কেন্দ্রও। সব মিলিয়ে এখানে শিল্পবিপ্লবের যে সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে তার পুরোপুরি সুফল নিতে পাইপলাইনে গ্যাস সরবরাহ সময়ের দাবি বলছেন শিল্পোদ্যোক্তারা।
