গাজায় ইসরাইলি হামলায় , নিহত আরও ৬১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৬৩ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে উপত্যকাটিতে চলা ইসরাইলের গণহত্যামূলক অভিযানে ৬১ হাজার ৪৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (১০ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬১টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৩৬৩ জন আহত হয়েছেন। ফলে ইসরাইলি হামলায় আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৩ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে।

এতে বলা হয়েছে, ‘উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। এর ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০৪ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৭৮ জনে, আর আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৮৯৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে। এর মধ্যে শতজনই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় মানবিক সংকট প্রতিদিনই আরও ভয়াবহ আকার ধারণ করছে। খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতির কারণে প্রাণহানি বাড়ছে।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি সেনারা আবারও গাজায় হামলা শুরু করে। সেই সময় থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৯২১ জন নিহত এবং ৪১ হাজার ১৭২ জন আহত হয়েছেন। এর মাধ্যমে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করা হয়েছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগের মামলাও চলছে।

 

এনএএন টিভি