সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। ২০২৬ সাল থেকে নির্দিষ্ট কিছু অঞ্চলে বিদেশি নাগরিক ও কোম্পানিগুলো সম্পত্তি কেনার সুযোগ পাবেন। সম্প্রতি সৌদি মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন করেছে, যা দেশটির অর্থনীতিকে বৈচিত্র্যময় করার উদ্যোগের অংশ ।
প্রথম ধাপে বিদেশিদের জন্য যেসব এলাকায় সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে, তার মধ্যে রয়েছে রিয়াদ ও জেদ্দার মতো গুরুত্বপূর্ণ নগরী। এছাড়া আরও কিছু নির্ধারিত এলাকা রয়েছে, যেগুলোর তালিকা পরে প্রকাশ করা হবে।
তবে মক্কা ও মদিনার মতো ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে সম্পত্তি কেনার ক্ষেত্রে থাকবে কঠোর বিধিনিষেধ। এসব এলাকায় বিদেশিদের সম্পত্তি কিনতে হলে বিশেষ অনুমোদনের প্রয়োজন হবে।
আইন কবে কার্যকর হবে?
এই নতুন আইন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে সৌদি সরকার ‘ইস্তিতা’ নামের একটি পরামর্শভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পত্তি সংক্রান্ত নিয়মনীতি, অনুমোদিত এলাকার তালিকা এবং জনমত সংগ্রহ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করবে। এই প্রক্রিয়া চলবে ১৮০ দিন পর্যন্ত।
কারা কিনতে পারবে?
> বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো এই আইনের আওতায় সম্পত্তি কিনতে পারবে।
> বিদেশি বিনিয়োগকারীদের জন্য এই উদ্যোগকে দেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অংশ হিসেবে দেখা হচ্ছে।
এখন কী করবেন প্রবাসীরা?
> সরকারি নিয়ম ও অনুমোদিত এলাকা সম্পর্কে তথ্য জানার জন্য ‘ইস্তিতা’ প্ল্যাটফর্মে নজর রাখুন।
> ২০২৫ সালের শেষ নাগাদ বিস্তারিত নিয়ম প্রকাশিত হবে।
> যেসব ডেভেলপার নতুন এলাকায় প্রকল্প শুরু করবে, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করুন।
বিশেষজ্ঞদের মতে, দুবাই, আবু ধাবি, দোহার মতো শহরগুলো আগে থেকেই বিদেশিদের জন্য নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার সুযোগ দিয়েছে এবং এতে বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ এসেছে। সৌদি আরবও যদি একই পথ অনুসরণ করে, তাহলে রিয়াদ ও জেদ্দা হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ হটস্পট।

One Reply to “বড় সুখবর সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা”
Comments are closed.