আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমার একমাত্র শক্তির উৎস হলো বাংলাদেশের জনগণ।
তাদের জন্য আমরা আমার বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি। গোলা-বারুদ, বোমা, গ্রেনেড হামলা কোনো কিছুই আমাকে বাধা দিতে পারেনি।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতেই তিনি নতুন বছরে শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাসী। আওয়ামী লীগ ভোটে বিশ্বাসী। আমরাই ভোটাধিকারের জন্য লড়াই করেছি।
জিয়াউর রহমান যখন ভোট চুরির জন্য হ্যাঁ না ভোট করেছিলেন, আওয়ামী লীগ তখন জনগণের ভোটের অধিকার ফিরেয়ে দিয়েছে।
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই স্লোগানটিও আমাদের দেয়া। আমরাই জনগণের হাতে ভোটাধিকার এনে দিয়েছি।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর দেশ গড়ার স্বপ্নের কথা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।
কিন্তু, ৭৫ এর পর ক্ষমতায় আসা সরকারগুলো বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে। তারা দেশের মানুষের ভাগ্য গড়তে পারেনি। বরং, তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে।
তিনি যোগ করেন, ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ শুরু করেছেন তিনি।
২০০৮ সাল থেকে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।
দেশের দারিদ্র্য বিমোচন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি বিএনপিকে নিশানা করে বলেন, বিএনপি ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করে নির্বাচন ভেস্তে দিয়েছে।
তারা দেশের মানুষকে ভয় দেখিয়ে ভোট করতে বাধা দিয়েছে।
শেখ হাসিনার জনসভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নেতারা মিছিল নিয়ে আসতে থাকেন।
রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিয়ন, ইউনিটের নেতারা আলাদা মিছিল নিয়ে এসেছেন। ঢাকার দুই সিটির কাউন্সিলররাও লোকজন নিয়ে জনসভায় আসেন।
মিছিলে ঢাকঢোল পেটানোর পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু‘, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’সহ নানান নির্বাচনী স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এছাড়াও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাও এসেছেন সদলবলে।
এ সময় তাদের অনুসারীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

Comments are closed.