বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

সরকারি উদ্যোগে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে দেশটিতে যাচ্ছেন ১১২ জন কর্মী।

এদিন সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি বলেন, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতনে কাজ করবেন নির্বাচিত কর্মীরা।

পাশাপাশি ২ বছরের নবায়নযোগ্য চুক্তির পাশাপাশি কর্মীরা পাবেন আবাসন ও চিকিৎসার সুবিধা।

পাসপোর্ট, মেডিকেল, ভিসা ও বিমান টিকিটসহ সব খরচ বহন করছে নিয়োগকর্তা। এতে কর্মীপ্রতি প্রায় ২ লাখ টাকা সাশ্রয় হবে। ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারি ও নিয়োগকর্তার সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত হন ১১২ জন।

ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা পাওয়া গেছে। বোয়েসেলের নামে কেউ টাকা চাইলে তা প্রতারণা। কাউকে কোনো টাকা না দিতে অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে।

Share this news as a Photo Card