সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু গ্রেফতার হয়েছেন। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

এ ছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি তিনি। ওই সব মামলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক সাংসদ শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে।

শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুর পর অপুর ওপর সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

এনএএন টিভি

Share this news as a Photo Card