ঈদের আনন্দ পরিবার পরিজনদের সাথে ভাগ করে নিতে নিজ গন্তেব্যে ছুটছে মানুষজন। শেষ মুহূর্তে টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুন। গেল ২৪ ঘণ্টায় যমুনা সেতু পাড়ি দিয়েছে ৪৫৪৭৮ হাজার গাড়ি।
রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।
জানা গেছে, শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (২৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু পাড়ি দিয়েছে ৪৫৪৭৮টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল বাবদ আদায় করা হয়েছে তিন কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।
এর আগের ২৪ ঘণ্টায় সেতুটি পাড়ি দিয়েছিল ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন, যার থেকে ৩ কোটি ৩৮ লাখ টাকা টোল আদায় হয়েছিল।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেন দিয়ে ২৯ হাজার ২৮৮ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে সেতুর পশ্চিম প্রান্তে ঢাকাগামী লেন দিয়ে ১৬ হাজার ১৯০টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয় এক কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।
এদিকে, আজ রবিবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অত্যাধিক চাপ রয়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। কোথাও কোথাও সড়কে দীর্ঘ লাইন রয়েছে যানবাহনের। তবে বড় ধরনের কোনো যানজট ও দুর্ঘটনা ছাড়াই নিবিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারছেন।
