জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নীতিবহির্ভূত কাজে জড়িত থাকার প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে জবি ছাত্রদল নেতা প্রান্ত বলেন, ‘আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির ‘আহ্বায়ক সদস্য’ পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই আমি ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলাম। এই ৩ বছরে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতিবহির্ভূত কাজের জন্য আমি মানসিকভাবে অস্বস্তিবোধ করি। কখনো কখনো সাংগঠনিক পদক্ষেপ নিলেও তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয় বলে মনে হয়েছে। আমি আশা রাখবো জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠন বিশৃঙ্খলতা কাটিয়ে উঠে সম্পূর্ণ ছাত্রবান্ধব এবং জনবান্ধব হবে।’

 

এনএএন টিভি