নির্বাচনে কারা কত আসন পাবে, সেটা আগেই ঠিক করা ছিল: পাটওয়ারী

নির্বাচনে কারা কত আসন পাবে সেটা আগেই ঠিক করা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলামোটরে আরব আমিরাতে থেকে কারামুক্ত ২৪ জন প্রবাস ফেরত বাংলাদেশিদের নিয়ে এনসিপির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পাটওয়ারী বলেন, এনসিপর কয়েকটি আসনে পাস করেছি, সেখানে হলো প্রবাসীদের ভোট। তারা অভূতপূর্বভাবে ‘শাপলা কলি’ এবং আমাদের ১১ দলীয় জোটে ভোট দিয়েছে । আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না। দেশ যখন বিপদে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশের গণঅভ্যুত্থানেও এগিয়ে এসেছিল। নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে, যে ভোট চুরি হয়েছে— জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে।

তিনি আরও বলেন, এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে। এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় নেতাদের বাসায় যাওয়া আসা করতেছে। কিন্তু তাদরে কাছে যাওয়ার আগে জনগণের কাছে যাওয়া উচিত।

পাটওয়ারী বলেন, যারা এই নির্বাচনটা করেছেন, অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দেবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনাচুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ন মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, পুরো রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করা হবে বলে ঘোষণা করেন পাটওয়ারী।

Share this news as a Photo Card