চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার (১২ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফিরবেন । সকাল সাড়ে ১০টায় তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরবেন।
সোমবার (১১ আগস্ট) দিনগত রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আলহামদুলিল্লাহ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সফল অপারেশনের দশদিন পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরবেন।
তার সুস্থতার জন্য দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা আজ একটি প্রেস ব্রিফিং করবেন।
এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ডা. শফিকুর রহমান মঞ্চে দুবার অসুস্থ হয়ে পড়েন। সে সময় তাকে প্রথমে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তেমন কিছু ধরা না পড়ায় পরদিন তিনি বাসায় ফিরে যান। পরে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করা হলে তার আর্টারিতে (ধমনি) পাঁচটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে তিনটি আর্টারির ব্লক প্রায় ৮৫ শতাংশ ছিল। এর পরেই তার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

3 Replies to “আজ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন জামায়াত আমির”
Comments are closed.