জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে ছাড়া পেয়েছেন। কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট তাঁকে মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় রাত নয়টায় জামিনে মুক্তি দেয়। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাঁকে ফোন করে অভিবাদন জানিয়েছেন বলে জানান মিজান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের প্রতিনিধিদলে থাকা আখতার হোসেনের গায়ে ডিম ছোড়েন মিজানুর রহমান। জন এফ কেনেডি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে ২২ সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে নয়টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানকে আটক করে।
