আল নাসরের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমনটাই নিশ্চিত করেছেন ইতালির বিশ্ববিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

২০২৩ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। আড়াই বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি জুনেই। চুক্তির শেষ ম্যাচে মাঠে নেমেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। এরপর থেকেই গুঞ্জন ওঠে, ইউরোপে ফিরছেন তিনি।

তবে সব গুজবের অবসান ঘটিয়ে এবার জানা গেল, আল নাসরের সঙ্গেই নতুন করে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন রোনালদো। নতুন মৌসুমেও সৌদি আরবেই থাকছেন এই সুপারস্টার। যদিও ইউরোপের একাধিক ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি, তবে কোনো প্রস্তাবেই সম্মতি দেননি রোনালদো।

গত মৌসুমে সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে শেষ করে আল নাসর। শীর্ষ দল আল হিলালের সঙ্গে তাদের ব্যবধান ছিল ১৩ পয়েন্টের। ফলে আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না ক্লাবটির।

এনএএন টিভি

Share this news as a Photo Card