এবার নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি

বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উল্লাস। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর এই দৃশ্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সেই উদযাপনের সঙ্গে জড়িয়ে থাকা ফিফা বিশ্বকাপ ট্রফির একটি রেপ্লিকা এবার উঠছে নিলামে। যুক্তরাজ্যে এটি নিলামে তোলা হবে আগামী ৭ নভেম্বর ।

 

রিচমন্ড অকশনসের উদ্বোধনী ক্রীড়া স্মারক নিলামে প্রদর্শন করা হবে ট্রফিটি। একসময় বুয়েনস এইরেসের জাতীয় ঐতিহাসিক জাদুঘরেও প্রদর্শিত হয়েছিল এটি। আর্জেন্টিনার ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর ছড়িয়ে পড়া বেশ কয়েকটি আলোচিত ছবিতে দেখা গেছে এই ট্রফি।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হয়। মেসি করেন দুটি গোল, আর ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত গঞ্জালো মন্তিয়েলের সফল স্পটকিকে শিরোপা নিশ্চিত হয় আর্জেন্টিনার।

শিরোপা জয়ের পর উদযাপনের সময় গ্যালারি থেকে মাঠে আনা হয় ট্রফিটির রেপ্লিকা। প্রায় ৪৫ মিনিট ধরে আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে হাতে ঘোরে সেটি। মেসিকে ট্রফিটি উঁচিয়ে ধরতে ও তাতে চুমু খেতে দেখা যায়। মুহূর্তটি হয়ে ওঠে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় দৃশ্য।

বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে একাধিক ছবি প্রকাশ করেন মেসি। সেগুলোর মধ্যে ছিল ট্রফিটির এই রেপ্লিকাসহ ছবি। ওই পোস্টে ৭ কোটি ৪০ লাখের বেশি লাইক পড়ে। একপর্যায়ে এটি ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টে পরিণত হয়।

ট্রফিটির সঙ্গে বিশ্বকাপজয়ী দলের আরও একটি স্মৃতি জড়িয়ে আছে। উদযাপন শেষ হওয়ার আগেই দলের আট সদস্য এতে স্বাক্ষর করেন। নিলামের নথিতে ট্রফিটির উৎস ও মালিকানার ইতিহাসের অংশ হিসেবে লাওতারো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ ও ফাইনালে আর্জেন্টিনার দ্বিতীয় গোল করা আনহেল দি মারিয়ার মতো খেলোয়াড়দের নাম উল্লেখ রয়েছে।

নিলামটি আগামী ৭ নভেম্বর শনিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার গ্রিনভিলের ৫২৬ কঙ্গারি রোডে অনুষ্ঠিত হবে ।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card