দেশের ইতিহাসে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হচ্ছে

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ছয় দলের অংশগ্রহণে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ শুরু হচ্ছে। আজ শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে হকি চ্যাম্পিয়ন্স ট্রফি।

প্রথম দিন মাঠে গড়াবে দুটি ম্যাচ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী ম্যাচে সাইফ পাওয়ার খুলনার বিপক্ষে মাঠে নামবে একমি চট্টগ্রাম। পরের ম্যাচে রাত সোয়া ৮টার মোনার্ক পদ্মার প্রতিপক্ষ রুপায়ন সিটি কুমিল্লা। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দুই দল- ওয়ালটন ঢাকা ও মেট্রো এক্সপ্রেস বরিশাল।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের সঙ্গে দুই বার করে মুখোমুখি হবে। প্রথম পর্বের খেলা শেষ হবে ১২ নভেম্বর। ৩০ অক্টোবর ও ১১ নভেম্বর দুই দিন বিরতি। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। ১২ নভেম্বর প্রথম পর্বের শেষ দিনে হবে তিনটি ম্যাচ।

শীর্ষ চার দল যাবে পরের রাউন্ডের জন্য বিবেচিত হবে। শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ারে। জয়ী দল সরাসরি যাবে ফাইনালে। আর হেরে যাওয়া দল এলিমেনেটরে তৃতীয়-চতুর্থ দলের মধ্যকার লড়াইয়ে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। এই ম্যাচের বিজয়ী প্রথম কোয়ালিফায়ার জয়ীর সাথে ফাইনালে লড়বে তারা।

এজন্য গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৬ দলের অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়। প্রতিদিন খেলা হবে ফ্লাডলাইটের আলোতে। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র বেসরকারি খেলাধুলার চ্যানেল টি-স্পোর্টস।