‘প্রতিশোধে’র মঞ্চ ভারতের

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ভারতের ফাইনাল হারের তিনমাসও পূর্ণ হয়নি। এবার আরেকটি ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। বড়দের লড়াইয়ের পর এবারেরটি যুব বিশ্বকাপে।

স্বাভাবিকভাবে আলোচনা হচ্ছে, বিরাট কোহলি-রোহিত শর্মারা যেটা পারেননি, সেটার প্রতিশোধ নিতে পারবেন তো তাঁদের উত্তরসূরিরা? যদিও ভারত অধিনায়ক উদয় সাহারান জানিয়েছেন, প্রতিশোধের ভাবনা তাঁদের মাথায় নেই। তিনি বলেছেন,‘আমরা প্রতিশোধ নিয়ে ভাবছি না। বর্তমান নিয়ে থাকতে চাই। অতীত নিয়ে ভাবতে চাই না।’

অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হার অবশ্য নতুন নয় ভারতের কাছে।কোহলি-রোহিতদের আগে সৌরভ গাঙ্গুলি-শচিন টেন্ডুলকাররাও একই বেদনায় পুড়েছেন। ২০০৩ বিশ্বকাপের ফাইনাল জোহানেসবার্গে অজিদের সঙ্গে পেরে ওঠেননি সৌরভ-শচিনরা। যুবাদের ফাইনাল বেনোনিতে। জোহানেসবার্গ থেকে যে শহরের দূরত্ব ৩৮ কিলোমিটার।এবার শিরোপার দূরত্ব গুছাতে পারবেন তো ভারতের যুবারা? বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হওয়া ম্যাচের ফল জানতে অবশ্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

যদিও যুব বিশ্বকাপে এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবার মুখোমুখি হয়েছে ভারত। ২০১২ এবং ২০১৮ সালের দুই ফাইনালেই শেষ হাসি হেসেছিলের ভারতের যুবারা। ভারত যুব বিশ্বকাপের সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জিতেছে। আর অজিরা জিতেছে তিনবার।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card