বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার রিংকু সিং

ভারতীয় ক্রিকেটার রিংকু সিং বিয়ে করতে যাচ্ছেন রাজনীতিতে নবাগত এবং বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সী নারী সাংসদ প্রিয়া সরোজকে। ২৬ বছর বয়সী প্রিয়া সমাজবাদী পার্টির হয়ে উত্তর প্রদেশের মাছলিশহর আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, রিংকু সিং ভারতের টি-টোয়েন্টি দলের ব্যাটসম্যান ও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে থাকেন।

চলতি বছরের জানুয়ারিতে তাঁদের সম্পর্কের খবর সামনে আসে। শুরুতে বিষয়টি ছিল পারিবারিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ, তবে এখন দুই পরিবারই সম্পর্কটি মেনে নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৮ জুন লক্ষ্ণৌর একটি সাত তারকা হোটেলে তাঁদের বাগদান সম্পন্ন হবে। আর বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর, বেনারসে।

প্রেম নয়, পারিবারিক পরিচয়ের মাধ্যমেই রিংকু ও প্রিয়ার বন্ধুত্ব গড়ে ওঠে। প্রিয়ার বাবার এক বন্ধু, যিনি একজন সাবেক ক্রিকেটার, তাঁর মাধ্যমেই রিংকুর সঙ্গে প্রিয়ার পরিচয় হয়। এক বছরের বেশি সময় ধরে চলা এই বন্ধুত্বের পরিণতিতেই আসছে এই বিয়ে।

অন্যদিকে, ক্রিকেট মাঠে রিংকু সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ফেব্রুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি আইপিএলে ১৫৩.৭৩ স্ট্রাইক রেটে ২০৬ রান করেন, চারবার অপরাজিত ছিলেন।

প্রিয়া সরোজের রাজনৈতিক উত্থানও উল্লেখযোগ্য। মাত্র এক বছর আগে রাজনীতিতে আসা প্রিয়া গত নির্বাচনে বিজেপির এক প্রবীণ নেতাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে নয়ড়ার অমিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং পরে ভারতের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card