গ্লোবাল সুপার লিগের গেল বারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স হার মেনেছে এবারের ফাইনালে। বাংলাদেশি ফ্রাঞ্চাইজিকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অনেকটা একপেশে ম্যাচে গায়ানার সামনে পাত্তাই পায়নি রংপুর। হার মানে ৩২ রানে।
গায়ানায় বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় শুরু হওয়া এ ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক ইমরান তাহির। ভালো শুরু এনে দেন জনসন চার্লস। এভিন লুইস ৯ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেও রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে রংপুরের ওপর চেপে বসেন চার্লস।
এ দুজনের ১২১ রানের অনবদ্য জুটি গায়ানাকে বড় স্কোরের ভিত গড়ে দেয়। ১১টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৬৭ রান করে চার্লস রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন । আর দলীয় ১৪৮ রানে গুরবাজ যখন আউট হন, ততক্ষণে ১৫.৪ ওভার খেলা হয়ে গেছে। আফগান এই ব্যাটার ৩৮ বলে ৬৬ রান করেন ৬টি চার ও ৪টি ছক্কায়।
চারে নামা শিমরন হেটমেয়ার রানের খাতা খুলতে না পারলেও শেরফান রাদারফোর্ডের ১৫ বলে ১৯ ও রোমারিও শেফার্ডের ৯ বলে ২৮ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল পুঁজি পায় গায়ানা।এর মধ্যে খালেদের করা শেষ ওভার থেকেই আসে ২০ রান।
রংপুরের পক্ষে খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ একটি করে উইকেট পান।
হাইভোল্টেজ ফাইনালে গায়ানার জড়ো করা এই স্কোর অবশ্য চলতি আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এমনকি টুর্নামেন্টের ইতিহাসেও এতো রান হয়নি কখনো।
যার প্রভাবও পড়ে নুরুল হাসান সোহানদের ব্যাটিংয়ে। জবাব নিতে নামা রংপুর ভেঙে পড়ে তাসের ঘরের মতো। গায়ানার বোলারদের যেন বুঝতেই পারছিলেন না রংপুরের ব্যাটাররা। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান জড়ো করে দলটি। এর মধ্যে ইবরাহিম জাদরান ৪ বলে ৫, সৌম্য সরকার ১৪ বলে ১৩ ও কাইল মেয়ার্স ১০ বলে মাত্র ৫ রান করেন।
