দুর্দান্ত শুরু রনি তালুকদার আর বাবর আজমে।মাঝে সাকিব আর শেষে নবী খেললেন ক্যামিও। তাতে বেশ লড়াকু সংগ্রহ পায় রংপুর। এরপর বোলারদের দাপুটে বোলিংয়ে ঢাকাকে অল্পতে আটকে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের দল। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ অবদান রেখে ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। সাকিবের ব্যাট বলের পারফরমেন্সেই গতকাল সপ্তম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৬০ রানে হারায় রংপুর রাইডার্স। চলতি আসরে এটা রংপুরের পঞ্চম জয়। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো তারা। আর ১ জয়ে ঢাকা আছে তলানিতে। এদিন টস হেরে আগে ব্যাটিং করে ১৭৫ রান করে রংপুর। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ঢাকা।
প্রথম ৪ ওভারের মধ্যে যখন ২ ব্যাটার ফিরে যান তখন স্কোরবোর্ডে ছিল মাত্র ৪ রান। ফিরে যান দুই ওপেনার সাব্বির হোসেন ও সায়েম আয়ুব। এরপর অ্যালেক্স রসকে নিয়ে পাল্টা প্রতিরোধ গড়েন মোহাম্মদ নাঈম। ইনিংসের পঞ্চম ওভারে ওমরাজাইকে ২ ছক্কা ও ১ চার মারেন তিনি। পরের ওভারে শেখ মেহেদীর ওভারে হাঁকান একটি করে ছক্কা ও চার। তবে ঠিক পরের ওভারে আক্রমণে এসেই রসকে ফিরিয়ে জুটি ভেঙে দেন সাকিব। ৯ বল খেলে ২ রান করেন তিনি। এরপর নাইবকে নিয়ে আবার জুটি গড়েন নাঈম। তবে সেটাও বড় হয়নি। ইনিংসের ১২তম ওভারে তাকে ফিরিয়ে দেন রংপুরের পাকিস্তানি পেসার সালমান ইরশাদ। নাঈম ৩১ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৪ রান। ধুঁকতে থাকা নাইবও ফেরেন পরের ওভারে। ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে তখনই ম্যাচ থেকে অনেকতাই ছিটকে যায় ঢাকা। শেষদিক ইরফান শুক্কুর ১৫ বলে ২১ রান করলেও সেটা শুধু দলের হারের ব্যবধানই কমাতে পারে। শেষ পর্যন্ত ২ ওভার থাকতেই অলআউট হয় ঢাকা।
৬ ওভারের পাওয়ার প্লেতে রংপুরের স্কোরবোর্ডে জমা হয় ৫০ রান। ইনিংসের অষ্টম ওভারে রনি ফিরলে ভাঙে তাদের ৬৭ রানের জুটি। ফেরার আগে ২৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন তিনি। পুরো বিপিএল-এ ব্যর্থতার বৃত্তে আটকে থাকা সাকিব গতকাল নামেন ৩ নম্বরে। তার খেলা শেষ ৬ বলে ছিল ৩ ছয় আর ১ চার। দলীয় ১২৬ রানে ফেরার আগে সবমিলিয়ে ২০ বলে সাকিব করেন ৩৪ রান। ব্যক্তিগত ১৫ রানেই অবশ্য আউট হতে পারতেন তিনি, কিন্তু মিড উইকেটে তার ক্যাচ ফেলেন ঢাকার আফগান অলরাউন্ডার গুলাবদিন নাইব। সাকিবের আগেই ফেরেন বাবর। ৪৩ বলে ৪৭ রান করেন এই পাকিস্তানি ব্যাটার। দু’জনকেই ফেরান ঢাকা অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ১৩১ রানে আজমতুল্লাহ ওমরাজি ফেরার পর মোহাম্মদ নবীকে নিয়ে দারুণভাবে ইনিংস শেষ করেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। শেষ ৪ ওভারে রংপুরের স্কোরবোর্ডে যোগ হয় ৪৪ রান। শেষ ওভারে তাসকিন আহমেদকে টানা দুই ছক্কা মারা নবী অপরাজিত থাকেন ১৬ বলে ২৯ রানে। আর সোহান করেন ১০ বলে ১৬ রান।
