স্পেনের আরেকটি ক্লাব কিনতে যাচ্ছেন মেসি

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসে কিনতে যাচ্ছেন লিওনেল মেসি ।

স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ মালিক থি সলুসিওনেস গ্রুপ এসএএসের হাতে থাকা সব শেয়ার কেনার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন মেসি। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তবে চুক্তিটি সম্পন্ন করতে স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) অনুমোদন প্রয়োজন। কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি ২০২৫ সালের অক্টোবরে এলদেনসের মালিকানা নিয়েছিল।

ফুটবল ক্লাব মালিকানায় মেসির এটি হবে নতুন আরেকটি সংযোজন। এর আগে গত ১৬ এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ইউই করনেল্লা কিনেছেন এই আর্জেন্টাইন তারকা। খেলোয়াড় হিসেবে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এমএলএসের ক্লাবটিতেও অংশীদারত্ব পাওয়ার কথা রয়েছে তার।

আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার মানুষের শহর এলদায় অবস্থিত এলদেনসে। ক্লাবটি নিজেদের ইতিহাসের বেশির ভাগ সময় স্পেনের নিচের স্তরের লিগে কাটালেও সাম্প্রতিক বিনিয়োগের পর গত চার মৌসুমের তিনটিতে দ্বিতীয় বিভাগে খেলেছে।

চলতি মৌসুমে অবশ্য ভালো সময় যাচ্ছে না ক্লাবটির। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট পাওয়ায় গত রবিবার কোচ ক্লদিও বাররাগানকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকায় তলানির দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে এলদেনসে।

 

এনএএন টিভি