৩১ রানের লিড প্রোটিয়াদের

এই দলটাকে দক্ষিণ আফ্রিকার ‘বি’ টিম বললেও ভুল হবে। নিয়মিত একাদশের প্রায় সবাইকেই বাইরে রেখে সাজানা দলটি অবশ্য নিউজিল্যান্ডকে চমকে দিল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ৩১ রানে লিড নিয়েছে প্রোটিয়ারা। দলটির ২৪২ রানের জবাবে কিউইরা ২১১ রানে অলআউট হয়। স্বাগতিকদের ইনিংস শেষের পরই দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি হয়।

আজ বুধবার হ্যামিল্টনে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরু থেকেই ধুঁকতে থাকে। সফরকারীদের বোলিংয়ে নেতৃত্বে দেন ড্যান পিট। এই অফস্পিনার একাই ৫ উইকেট তুলে নেন। ৮৯ রান খরচে এই বোলিং তার ক্যারিয়ার সেরাও।

নিউজিল্যান্ড ইনিংসে কেউই ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৪৩ রান করেন কেন উইলিয়ামসন। ওপেনার টম ল্যাথাম ৪০ রানে আউট হন। এছাড়া উইল ইয়ং ৩৬ রানে মাঠ ছাড়েন। দশম উইকেট হিসেবে আউট হওয়া নেইল ওয়াগনার ২৭ বলে ৩৩ না করলে কিউইদের দুইশ রানও পার হওয়া হতো না। তবে নিউজিল্যান্ডের শীর্ষ স্কোর করা এই ৪ ব্যাটারকেই পিট ফিরিয়েছেন। দ. আফ্রিকার বোলারদের মধ্যে আরও ৩ উইকেট নিয়েছেন ড্যান প্যাটারসন।

 

এনএএন টিভি