এখন আমাদের অনেকেরই দিন শুরু হয় মুঠোফোন চেক করতে করতে। আবার অনেকের তো মুঠোফোন স্ক্রল না করলে ঠিকভাবে ঘুমই ভাঙে না। শুধু কি তাই? আমাদের দিনের শেষও হয় মুঠোফোন হাতে নিয়েই। মাঝেমধ্যে তো ঘুমচোখে রিল দেখতে দেখতে মুঠোফোন হাত ফসকে মুখের ওপর এসে পড়ে। এভাবে মাত্রাতিরিক্ত মুঠোফোন চালানোর জন্য বিশ্বজুড়ে দেখা দিচ্ছে হাত ও আঙুলের নানা ধরনের সমস্যা। এ সমস্যাকে গেমার্স থাম্ব, টেক্সট ক্ল, ট্রিগার ফিঙ্গার, স্মার্টফোন পিঙ্কিসহ দেওয়া হয়েছে বিভিন্ন নাম। জাপানি ভাষায় একে বলা হচ্ছে ‘সুমাহো ইউবি’।
১০ বছর বা তার বেশি বয়সী ৫০০ ব্যক্তির ওপর সম্প্রতি জাপানে করা এক জরিপ অনুসারে, প্রায় ৯০ শতাংশই দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের কারণে সরাসরি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের ফলে আঙুল এবং কবজিতে ব্যথা হয়।

এ ছাড়া ঘাড়, কাঁধ ও কনুইয়ে হতে পারে অস্বস্তি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৬ শতাংশ জানিয়েছেন, তাঁরা প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় মুঠোফোনে ব্যয় করেন। ১০ শতাংশ বলেছেন, তাঁরা মুঠোফোনে সময় ব্যয় করেন ছয় ঘণ্টার বেশি।
