এবার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয় দীঘির,দেড় লাখের বেশি টাকা গায়েব

 

বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কমবেশি অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। মাঝেমধ্যে সেলিব্রেটি থেকে শুরু করে বড় মাপের মানুষেরাও এ প্রতারণা থেকে বাদ যাচ্ছেন না।

সম্প্রতি দেশের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিও এমন প্রতারণার শিকার হয়েছেন। তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পাশাপাশি দেড় লাখের বেশি টাকা গায়েব হয়ে গেছে বলে অভিযোগ করেছেন এ অভিনেত্রী।

এ বিষয়ে কথা বলতে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আসেন দীঘি।

 জানা যায়,

দীঘির অভিযোগের ভিত্তিতে মাঠে নামে ডিবি পুলিশ। এরই মধ্যে প্রতারণায় জড়িতদের গ্রেপ্তারও করেছে পুলিশ।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের দীঘি বলেন, ‘বিকাশের নির্দিষ্ট নম্বর থেকে একটি কল আসে। আমার বিকাশ নম্বর বন্ধ করে দেয়ার কথা বলে। আমার অ্যাকাউন্টে অনেক টাকা ছিল।

তাই আমি ওই কলে অনেকক্ষণ ধরেই কথা বলি। এক সময় কাস্টমার কেয়ার সার্ভিস সাজা প্রতারকরা আমার ওটিপি নম্বর চায়। আমি ভেবেছিলাম, পিন নম্বর না দিলে সে আমার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। তাই ওটিপি নাম্বার দেই।’

দীঘি বলেন, ‘আমি শুটিংয়ের কাজে ও স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত ছিলাম। তাই মাথা তেমন কাজ করেনি।

এরপর দেখি অ্যাকাউন্ট থেকে দেড় লাখ টাকার বেশি মানে ১ লাখ ৬০ হাজার টাকা নেই। প্রতারককারীরা আমার পরিচয় জানতো।

আমার সাথে এমনভাবে কথা বলেছে যে, আমি প্রতারকদের বিকাশের কাস্টমার কেয়ার সেন্টারই ভেবেছিলাম।

কারণ এতদিন যে নাম্বার থেকে বিকাশের মেসেজ পেতাম, সে নাম্বার থেকেই ভুয়া মেসেজগুলো পাচ্ছিলাম।’

গত ১০ ফেব্রুয়ারি বিকেলে এমন প্রতারণার শিকার হলে ১১ ফেব্রুয়ারি ডিবি পুলিশ প্রধান হারুন-অর রশিদের কাছে অভিযোগ জানান দীঘি।

অভিযোগ করার ১ দিনের মধ্যে টাকা ফেরত পাওয়ায় ডিবি পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

পাশাপাশি সাধারণ মানুষদের বিকাশ প্রতারকদের কাছ থেকে সাবধান হওয়ার পরামর্শও দেন।

প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি।

চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে অভিনয় গুণে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত দীঘি।

 

এনএএন টিভি