চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে নুরনবী (১৬) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী উপজেলার সিংনগর গ্রামের মসজিদ পাড়ার হাসেম আলীর ছেলে।
এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ২ ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রতক্ষদর্শীরা জানায়, সিংনগর গ্রামের প্রতিবন্ধী নুরনবী বাইসাইকেলযোগে বিকেল সাড়ে ৪ টার সময় বাড়ি থেকে বের হয়ে উথলী বাসস্ট্যান্ডে যাচ্ছিলো। সে সাড়ে ৫ টার দিকে উথলী আমতলা নামক স্থানে প্রধান সড়কে উঠলে জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী বাস খাতুন এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো-ব-২৪০৮) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে নুরনবী বাইসাইকেলযোগে থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে। এরপর বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শামসুজ্জোহা পলাশ / এনএএন টিভি

Comments are closed.