নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক খুন, যাত্রী আটক

নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর এলাকার বৌবাজারে এই ঘটনা ঘটে।
নিহত ইউনুছ মিয়া (৩৭) রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুরের সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়ীতে পরিবারসহ ভাড়া থেকে শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হয়। সন্ধ্যায় আমরা খবর পাই তাকে কারা যেন ছুরিকাঘাত করে হত্যা করেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইজিবাইকের চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে। হত্যাকারী যাত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এনএএন টিভি / বশির আহমদ মোল্লা