নীলফামারী জেলা সদরের বড়মাঠে উৎসবমুখর পরিবেশে টেলিভিশন ক্যামেরা অ্যাসোসিয়েশন (টিসিএ) একাদশ ও সাংবাদিক একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ খেলাটির উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেল চারটায় খেলা শুরু হলে দুই দলই প্রদর্শন করে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। শেষ পর্যন্ত টিসিএ একাদশ ২–১ গোলে সাংবাদিক একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ী দল টিসিএ একাদশকে পুরস্কার হিসেবে প্রদান করা হয় দুটি ছাগল, আর পরাজিত সাংবাদিক একাদশকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেয়া হয় একটি ছাগল।
সমাপনী পর্বে বক্তারা বলেন, “এ ধরনের প্রীতি ম্যাচ সাংবাদিক সমাজ ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করে। বিনোদন ও খেলাধুলা আজকের সমাজে মানসিক প্রশান্তি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আনন্দঘন ও প্রাণবন্ত আয়োজন অব্যাহত থাকবে।
এনএএন টিভি / ওমর ফারুক
