আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
৭ নভেম্বর শুক্রবার বিকেলে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত নির্বাচনী সভা। সভায় সভাপতিত্ব করেন ১১ নং সোনারায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাজিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী নূরানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম এবং পঞ্চপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিনুর রহমানসহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী নূরানী বলেন, “দেশের জনগণ আজ পরিবর্তন চায়, তারা গণতন্ত্র চায়, তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। এই দায়িত্ব এখন আমাদের কাঁধে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আহ্বানে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। আগামী নির্বাচন হবে গণমানুষের মুক্তির লড়াই, তাই প্রত্যেক কর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণে আমরা রাজনীতি করি। নীলফামারী থেকে শুরু করে সারাদেশে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ভোটারদের পাশে থাকবে— এটাই আমাদের অঙ্গীকার।”
সভায় বক্তারা আরও বলেন, ধানের শীষের প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল একজন সৎ, শিক্ষিত ও জনপ্রিয় নেতা; তার হাত ধরেই নীলফামারীর উন্নয়ন ও পরিবর্তনের সূচনা হবে এবং আধুনিক নীলফামারী গড়তে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ প্রতীক আশা করছি।
প্রচারণা সভায় বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভা শেষে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এনএএন টিভি / ওমর ফারুক
