নোয়াখালীর সুবর্ণচরে ইউপি সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী৷
শনিবার সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন ও চর জিয়া উদ্দিন এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে সহস্রাধিক নারী পুরুষ এতে অংশ গ্রহণ করেন৷

স্থানীয় চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ভূমিহীন নেতা মো. হোসেন, গোলাম সারওয়ার ও সিরাজ মিস্ত্রি বলেন, চরজুবিলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন রায়হানকে গত ২৫শে মার্চ গ্রেফতার করে চরজব্বার থানা পুলিশ৷ এসময় তারা জানান, তাকে নিরস্ত্র অবস্থায় গ্রেফতার করলেও পুলিশ মিথ্যা ডাকাতি মামলায় রায়হান মেম্বারকে আটক দেখায়৷ তারা এসময় জসিম উদ্দিন রায়হানকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করে দ্রুত মুক্তি দাবি করেন৷
এছাড়াও মানববন্ধনে সহস্রাধিক ভূমিহীন নারীরা অংশ গ্রহণ করেন৷
ভূমিহীন নারী নেত্রী নাজমা, জোছনা, আছিয়া ও রুপা বলেন, রায়হান মেম্বার তাদেরকে দীর্ঘ ২৫বছর যাবৎ আশ্রয় দিয়ে আসছে৷ একটি মহল তাদেরকে ঘরবাড়ি ছাড়া করতে রায়হান মেম্বারকে অন্যায়ভাবে আটক করতে সহযোগিতা করেছে৷ এসময় নারীরা পৃথক ভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে রায়হান মেম্বারের মুক্তি দাবি করেন৷
পরে, মানববন্ধন শেষে চর মহিউদ্দিন বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে চর মহিউদ্দিন ও চর জিয়া উদ্দিন এলাকাবাসী৷
