নীলফামারীর সৈয়দপুরে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিশাল নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে শোডাউনটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। শোডাউনে আরও উপস্থিত ছিলেন— উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, পৌরসভা মেয়র পদে প্রার্থী ও শহর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ, নায়েবে আমীর ও কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী আক্তারুজ্জামান বাদল, সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি সিব্বির আহমেদসহ উপজেলা ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী।
শোডাউন শেষে দোয়ার পূর্বে বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে। আল্লাহর আইন ও সৎ নেতৃত্বের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। আওয়ামী লীগ সরকার ইতিহাসের সর্বোচ্চ লুট ও দুর্নীতির রেকর্ড করেছে। জনগণ সেই পথ থেকে মুখ ফিরিয়ে সৎ নেতৃত্ব নির্বাচনের জন্য প্রস্তুত।”
তিনি আরও বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে এর প্রমাণ মিলেছে এবং আগামীতেও জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
