সানারপাড়ে শ্রমিকের মৃত্যু, নির্মাণাধীন ভবন থেকে পড়ে

রাজধানীর ডেমরা থানাধীন সানারপাড়ে এলাকায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে। তার নাম আকবর হোসেন নিরব (৩১)। তিনি পেশায় রড মিস্ত্রি। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিরব ভোলা জেলার লালমোহন উপজেলার তারাগঞ্জ গ্রামের নির্মাণ শ্রমিক সিরাজের ছেলে। পূর্ব সানারপাড় লন্ডন মার্কেটের পাশে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শাহিন হাসান বলেন, রড মিস্ত্রি নিরব নির্মাণাধীন পাঁচতলার ভবনের ছাদের পাশে বর্ধিত রডের অংশ হাতুড়ি দিয়ে ভাঙছিলেন সে সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা দুপুর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card