জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামের ভিটা গ্রামে চাচার ছুরির আঘাতে পাপিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার (১৮ মে) সকালে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। নিহত পাপিয়া ওই গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, আজ পাপিয়ার চাচা দুলা মিয়া তার লোকজন ও ছেলে রাব্বিকে নিয়ে পুর্বের বিরোধপুর্ণ জমিতে জোর করে গাছ লাগাতে যায়। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে বাগবিতন্ডার এক পর্যায়ে চাচা দুলা মিয়া ছুরি দিয়ে পাপিয়ার গলায় আঘাত করেন।এসময় পাপিয়া গুরুতর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার বলেন, এ ঘটনায় পারভীন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
