সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দীন আহমাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সালাহ উদ্দীন আহমাদ নানা রোগে ভুগছিলেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন বলে জানান তাঁর মেজ সন্তান আবরার আহমাদ।
সালাহ উদ্দীন আহমাদের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ অবকাশকালীন হাইকোর্ট ও আপিল বিভাগ বসবেন না বলে এক খুদে বার্তায় জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন।
১৯৪৮ সালের ৮ ফেব্রুয়ারি নরসিংদী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সালাহ উদ্দীন আহমাদ। তিনি ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
