নোয়াখালীর হর্কাস মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ল ২০ দোকান

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে অন্তত ২০ দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মাইজদী টাউনহল মোড়সংলগ্ন নূপুর মার্কেট ও হকার্স মার্কেটের একটি অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে অগ্নিকাণ্ডের শিকার বেশির ভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে যান। রাত সাড়ে ১১টার দিকে নূপুর মার্কেটের পাশের একটি বইয়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে ভয়াবহ ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রথমে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তাঁদের সঙ্গে চৌমুহনী, সোনাইমুড়ী, কবিরহাট, সুবর্ণচরসহ কয়েকটি স্টেশনের আটটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে আড়ত, কাপড়ের দোকান, গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়, সাইকেল মেরামতের দোকান, হোটেল ও ভ্যারাইটিজ স্টোরসহ অন্তত ২০ দোকান পুড়ে গেছে। এতে দোকানে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আরও জানান, যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এর আধা ঘণ্টা আগে বেশির ভাগ দোকান ও মার্কেট বন্ধ হয়ে যায়। ফলে প্রথমে আগুনের বিষয়টি অনেকেই বুঝতে পারেননি। অনেকে বাসায় ছিলেন। তাই মালামাল বের করতে পারেননি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

এনএএন টিভি