মান্দায় বিজয় দিবসে সাংবাদিকের উপর অতর্কিত হামলা

নওগাঁর মান্দায় বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন মান্দা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মান্দা উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মান্দা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার দারিয়াপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে আপেল মাহমুদ হ্যাপী, ছোট বেলালদহ গ্রামের রফাতুল্লাহর ছেলে সাজ্জাদুল তুহিন ও পরানপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে বুলবুল আহমেদ।
এ বিষয়ে মান্দা উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বলেন, আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পরপরই আওয়ামী লীগ নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন এবং পুষ্পস্তবক অর্পন শেষে চলে যান। এসময় অভিযুক্তরা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের প্রেস ক্লাবের তিনজন সদস্য আহত হয়েছেন। আমরা এ অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি আমি জেনেছি। এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিকগন একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card