গাড়ির ধাক্কায় সহপাঠী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি তুলে ধরেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ সময়ে তারা জানান, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে নির্মমভাবে তাদের ভাইকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২০শে ডিসেম্বর) রাজধানীর পলাশীর মোড়ে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা ৬ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষে ৬ দফা দাবির মধ্যে রয়েছে, ১. যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ।
২. আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী-পক্ষকে বহন করতে হবে।
৩. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে।
৪. তদন্ত কার্যক্রমে বাধাদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৫. আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
৬. সড়ক দুর্ঘটনার কারণে আর কারও প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বুয়েট শিক্ষার্থী মুহতাসিম নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বুয়েটের আরও দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) । তারা সিএসই বিভাগের শিক্ষার্থী। পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট ((কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় এ ঘটনা ঘটে।
