সম্পাদক পরিষদের গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগের প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলার প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। আজ বুধবার এক বিবৃতিতে সম্পাদক পরিষদ প্রতিবাদ জানানোর পাশাপাশি সব পক্ষকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সম্পাদক পরিষদ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে। সম্মেলনে অভিযোগ আনা হয়েছে ‘গণমাধ্যম গণ–অভ্যুত্থানে জড়িতদের চরিত্রহননের চেষ্টা করছে’ এবং শেখ হাসিনার স্বৈরাচার আমলের মতো ‘গোয়েন্দা সংস্থার মুখপাত্র’ হিসেবে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও বেশিরভাগ মুদ্রণ গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখা ও সরকারের নানা সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরতে গঠনমূলক ভূমিকা রাখছে। এনসিপি নেতাদের দেওয়া এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় সম্পাদক পরিষদ।’

সব পক্ষকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বক্তব্য দেওয়ারও আহ্বান জানানো হয়েছে সম্পাদক পরিষদের পক্ষ থেকে।

এনএএন টিভি