পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে উড্ডয়নের পরপরই দেশটির সেনাবাহিনীর একটি ‘এমআই-১৭’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১০ জুন) ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সামরিক বাহিনীর সব আরোহী নিহত হয়েছেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, উড্ডয়নের পরপরই আকাশযানটি বিধ্বস্ত হয় এবং এতে কোনো আরোহী বেঁচে নেই। প্রাথমিক তথ্যানুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাধারণত রুশ প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার এই ‘এমআই-১৭’ সামরিক হেলিকপ্টারগুলো চার টন (৪,০০০ কেজি) পর্যন্ত মালামাল কিংবা তিন ক্রুসহ প্রায় ৩০ জন সেনা সদস্য বহনে সক্ষম। উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসেও (২০২৫) পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের দিয়ামের জেলায় যান্ত্রিক ত্রুটির কারণে একই মডেলের একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছিলেন।
