বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল দশটায় আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ছিল ২৫২। বায়ুর এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।
দ্বিতীয় স্থানে থাকা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতার স্কোর ২৩০। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’। আর ২২৪ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে পাকিস্তানের লাহোর। এই স্কোরকেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল দশটায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যেসব পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
