নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পেট্রোল -ডিজেল বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের টুনিরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ডিমলা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, টুনিরহাট বাজারের নুরুজ্জামান বাবলু নামের এক ব্যক্তি ইউনিয়ন পরিষদ থেকে খুচরা তেল ব্যবসার ট্রেড লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে একটি পাম্পের মাধ্যমে ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছিলেন। অনুমোদনবিহীনভাবে জ্বালানি বিক্রি জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় পেট্রোলিয়া আইন ২০(১)ঙ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রাস্তা দখল করে দোকান স্থাপনের অভিযোগে শাহাজাদা নামের আরেকজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, “পাম্প পরিচালনার জন্য বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদনের কোনো বৈধ কাগজপত্র মালিক দেখাতে পারেননি। এ কারণেই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
এনএএন টিভি / ওমর ফারুক
