জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বোরকা পরিহিত অবস্থায় নারীর ছদ্মবেশে প্রবেশের সময় এক ব্যক্তিকে আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে বোরকা পরিহিত অবস্থায় তাকে আটক করা হয়। এ-সময় তার সঙ্গে একটি আবাসিক হোটেলের কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
আটকের পর শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তি নিজের পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেন।
বোরকা পরার কারণ জানতে চাইলে তার বক্তব্যেও ভিন্নতা দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীরা জানান। প্রথমে তিনি দাবি করেন, শিক্ষার্থীরা তাকে বিরক্ত করায় তিনি বোরকা পরে এসেছেন। পরে আবার বলেন, ভিক্টোরিয়া পার্ক এলাকায় নারীদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে ধরিয়ে দিতে তিনি ছদ্মবেশ ধারণ করেছেন।
শিক্ষার্থীরা বলেন, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি বিভিন্ন ব্যক্তির সঙ্গে নিজের যোগাযোগের কথা উল্লেখ করেন। তিনি পুলিশে দেওয়ার কথা বলে যাত্রাবাড়ী থানার এক ওসিকে ফোন দেওয়ার অনুরোধ করেন এবং নিজেকে একজন নেতার লোক বলেও দাবি করেন। তবে তার দেওয়া পরিচয় ও পুলিশের সঙ্গে সম্পৃক্ততার দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রবেশপথে নারী ছদ্মবেশে ওই ব্যক্তির প্রবেশের ঘটনা স্বাভাবিক নয়। ওইলোক কেন— কী উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলেন, তার কাছে থাকা আবাসিক হোটেলের কার্ডের বিষয়টি এবং তার দেওয়া বিভিন্ন পরিচয়ের সত্যতা এসব বিষয় তদন্তের মাধ্যমে সুস্পষ্ট করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং ওই ব্যক্তি কি উদ্দেশ্যে এসেছিলেন আমরা এটি ভালোভাবে জেনে তাকে পুলিশের কাছে হস্তান্তর করব। যদি কোনো ক্ষতি সাধন করতে চায়, অবশ্যই আমরা ব্যবস্থা নেয়া হবে।
