আর কদিন পর মাঘের শীত বিদায় নিতে যাচ্ছে প্রকৃতি থেকে। এরই মধ্যে ফাগুনকে বরণের মধ্য দিয়ে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। গাছে গাছে আমের মুকুল গ্রামবাংলার ফাগুনের প্রকৃতিকে অপরূপ করে তুলেছে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রতিটি গ্রামের মেঠোপথে কখনও কখনও দূর থেকে ভেসে আসছে কোকিলের কুহু কুহু ডাক। আমের মুকুলের সৌন্দর্য ও মৌ মৌ গন্ধ মুখরিত করে পথচারীদের। চারদিকে ছড়িয়ে পড়ছে এ মুকুলের ঘ্রাণ। গাছে গাছে নতুন পাতা জন্মাতে যাচ্ছে।
উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের অত্যন্ত গ্রামাঞ্চলে আম গাছে আমের মুকুল দেখা দিতে শুরু করেছে। এই বছর আমের মুকুলের সোনালি রঙের নান্দনিক দৃশ্য অন্য বছরের তুলনায় বেশি লক্ষণীয়।
আবদু গনি, মোহাম্মদ আলম ও আহমদ হোসন জানান, এবার আমের মুকুলে পোকা মাকড়ের উপদ্রব বা অন্য কোন সমস্যা দেখা না দিলে ফলন ভাল হবে। গ্রামীন জনপদের গাছে আমের সোনালি মুকুলের ভারে নুয়ে পড়ে ডালপালাগুলো।
স্থানীয় চাষিদের মতে, পাড়া মহল্লায় আম বাগানের সংখ্যা খুব কম। তবে প্রতিটি বাড়িতে কমবেশি নানাজাতের আমের গাছ রয়েছে। এবার বেশ সংখ্যক গাছে আমের মুকুলে ভরপুর । ফলন নির্ভর আবহাওয়ার ওপর।
উপসহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, বর্তমানে শতকরা ৯০ ভাগ গাছে গাছে আমের মুকুল এসেছে। পোকা নিধনে ঔষুধ ব্যবহার করলে ফলন বৃদ্ধি হবে বলেও জানান।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
