কলেজ ছাত্রকে হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে হত্যা

কু‌ষ্টিয়ায় চারতলা ভবনের ছাদ থেকে হাত-পা বেঁধে ফেলে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার রাত সা‌ড়ে ১০টার দিকে কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার অতি‌রিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত ক‌লেজ ছা‌ত্রের নাম রুবেল হোসেন (২২)। তি‌নি কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়‌নের মির্জাপুর গ্রা‌মের শহিদুল ইসলা‌মের ছেলে। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র রুবেল ওই ভবনের তৃতীয় তলার একটি মেসে ভাড়া থাকতেন।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, সা‌ড়ে ১০টার দিকে কুষ্টিয়ার বেকারি এলাকার একটি চারতলা ভবনের ছাদ থেকে রুবেলকে র‌শি দি‌য়ে হাত-পা ও কাপড় দি‌য়ে মুখ বাঁধা অবস্থায় নিচে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রু‌বে‌লের মৃত্যু হয়।

কুষ্টিয়ার অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল ব‌লেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএএন টিভি