ফরিদপুরে জনসাধারণের চোখের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এ বি এম সাত্তার। এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সামাদ, বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম এবং সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।
আলোচনায় বক্তারা বলেন, এ ধরনের ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বক্তারা মনে করিয়ে দেন, তারেক রহমান প্রবর্তিত ৩১ দফা কর্মসূচির অন্যতম দফা স্বাস্থ্যসেবা। তারা বলেন, দেশের একজন মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সে লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী কামাল ইউসুফ-এর ফরিদপুরের স্বাস্থ্যখাতে অবদান এবং তার পরিবারের দীর্ঘ রাজনৈতিক ও মানবসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
ক্যাম্প উদ্বোধনের পর পাঁচজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দিনব্যাপী প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের কর্মসূচি ফরিদপুরবাসীর স্বাস্থ্যসুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
শরিফুল ইসলাম
