কালের বিবর্তনে ঈদগাঁও জনপদ থেকে হারিয়ে যাচ্ছে বড় পুকুর। সংরক্ষণের দাবী। একসময়ে পাড়া মহল্লায় পুকুর ছিল। সেখানে খোলামেলায় স্বাচ্ছন্দের সাথে গোসলে করতো এলাকার লোকজন। পূর্বেকার সময়ের চিত্র দিন দিন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এভাবে খাল-বিল ও পুকুর হ্রাস পাওয়া পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
গ্রামাঞ্চলে বর্তমানে পুকুর-দীঘির সংখ্যা অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। অতীতে কয়েকটা বাড়ির পরপর পুকুরের দেখা মিলত। যেখানে ঐসব বাড়ির মানুষরা তাদের নিত্যপ্রয়োজনীয় নানান কাজকর্ম সমাধা করত। বর্তমানে গ্রাম থেকে জলাধারের সংখ্যা কমে যাচ্ছে।
তথ্য মতে, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লায় বড় পুকুর বলতে তেমন নেই। একসময়ে আনন্দমুখর পরিবেশে বড় পুকুরে সাঁতার কেটে গোসল করতো লোকজন। এখন সে চিত্র শুধুই স্মৃতি হয়ে রয়েছে।
তবে স্থানীয় প্রবীণ মুরব্বী আহমদ হোসন জানান, গ্রামাঞ্চলে লোকজন এখন কেউ কেউ টিউবওয়েলের পানি ব্যবহার করছে, কেউবা বাড়ী ঘরের বাথরুমে লাগানো আধুনিক যন্ত্রপাতির সাহায্যে গোসল করছেন। হাতেগোনা কয়েকটি বড় মানের পুকুর থাকলেও সেগুলো নানান কারনে ব্যবহার অনুপযোগী বা সমস্যায় জর্জরিত। গ্রামীন খালগুলোর পানিও নোংরা ব্যবহার অয়োগ্য। ময়লা আবর্জনার দুর্গন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ইসলামাবাদ ওয়াহেদের পাড়ার এলাকায় একটি বড় দিঘী রয়েছে। এটি ব্যবহার অনুপযোগী। যেটি রক্ষায় একসময়ে মানব বন্ধনসহ প্রতিবাদে জেগে উঠছিল একটি সামাজিক সংগঠন। ঈদগাঁওর উত্তর মাইজ পাড়ায় মৃত মনি ডাক্তারের বাড়ীর সামনের পুকুরটি অনেকটা ব্যবহার অনুপযোগী। কুয়াইজ্জা পুকুর,মাইজ পাড়া মাদ্রাসা পুকুর, দক্ষিণ মাইজ পাড়া মুহাম্মদিয়া মাদ্রাসার সামনে পুকুরটি ব্যবহার করেন এলাকার লোকজন। প্রায়শ গোসলসহ নিত্য প্রয়োজনীয় পানি ব্যবহার করতে চোখে পড়ে। আলমাছিয়া মাদ্রাসার পেছনে বড় পুকুরটি এখন পানি শুন্য। স্থানীয় লোকজন জানান, বর্ষাকালে পানি ভর্তি থাকে এ পুকুরটি।
সর্বোপরি সম্মিলিত প্রচেষ্টাই বড় পুকুর বা জলাধারের ঐতিহ্য রক্ষা করতে। নাহলে পুকুর শব্দটির নিশ্চিহ্ন হয়ে যাবে এলাকা থেকে। অন্যথায় প্রাকৃতিক পরিবেশ কঠিন অস্তিত্ব সংকটের মুখোমুখি হবে। পরামর্শক্রমে ব্যবহার অনুপযোগী পুকুরসমূহ সংরক্ষণের মাধ্যমে পুনরায় সচল করার ব্যবস্থা করতে হবে।
সচেতন লোকজনের মতে, গ্রামীন জনপদ থেকে হারিয়ে যাওয়া বড় পুকুরসমুহ সংরক্ষণ করে সংস্কারের মাধ্যমে স্মৃতি চিহ্ন ধরে রাখার আহবান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা,ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন জানান, সংগঠনের সিদ্ধান্তক্রমে খাল, পুকুরসহ জলাধার রক্ষার্থে কর্মসূচী গ্রহণ করা হবে।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
