প্রকৃতিতে শুভ্রতা ছড়ানো সাদা বক হারিয়ে যাচ্ছে। নান্দনিক সৌন্দর্যের প্রতীক বক পাখি বিপন্নের পথে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এখন আর আগের মত চোখে পড়ে না সাদা বক নামের পাখিটি। এসময়ে সাদা আকাশে ডানা মেলে উঠত বক ঝাঁকে ঝাঁকে। ক্লান্ত হয়ে বসতো বড় গাছ গাছালির উপর কিংবা বিলের ধারে। এক পায়ের উপর ভর করে ঠাই দাঁড়িয়ে থেকে মাছ শিকার করে নিয়ে যেতো তাদের নীড়ে। সেই প্রাকৃতিক দৃশ্য ছিল দেখার মত।
সেই সাদা বক এখন বিলুপ্তির পথে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন আর খাবারের সন্ধানে বিল-নদী ও জলাশয়ে আসেনা বক। জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত কীটনাশক ব্যবহার, গাছপালা নিধন ও শিকারসহ নানা কারণে বিলুপ্তির পথে এ পাখি। বর্তমানে নদী-নালা খাল-বিল শুকিয়ে যাওয়ায় বকের খাদ্যের সংকটে প্রজনন কমে গেছে।
ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের ছোট বড় বিভিন্ন বিলে কিছু কিছু সাদা বক চোখে পড়লেও অধিকাংশ ক্ষেত্রে বিলুপ্তির পথে। এমনকি পূর্বেকার দিনে বর্ষা মৌসুমে কৃষকরা যখন ধানী জমিতে কাজ করতো। কৃষকের একটু অদূরে সাদা বক মাছের সন্ধানে ছুটে আসতো। বর্তমান সময়ে এসব সোনালী চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনা।
আহমদ হোসন নামের মুরব্বি জানান, মাছের আকাল ও বন উজার হওয়ায় বকের বাসস্থান নষ্ট ও জনসংখ্যা বৃদ্ধির কারণে ছোট ছোট ডোবা, নালা, জলাশয় সেচে মাছ ধরার কারণে এখন বক প্রায় বিলুপ্ত।
সচেতন মহল মনে করেন, পানি শূন্য নদী ও বন জঙ্গল উজারের কারণে বাসস্থান ধ্বংস ও বক শিকারের ফলে পরিবেশ থেকে হারাতে চলেছে। বক প্রজাতি রক্ষার্থে সচেতনতা দরকার।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
