চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার রাত পৌনে ৮ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬৩/৭-এস এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. রফিকুল আলম (পিএসসি) ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুগনথান ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন। সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, বিএসএফ কর্তৃক পুশ-ইন না করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়।
আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ান কমান্ডার এবং বিজিবি-বিএসএফের উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ২ কিলোমিটার হাঁটেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

One Reply to “চুয়াডাঙ্গায় বিজিবি বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত”
Comments are closed.